না, কলকাতা কিংবা যৌথ প্রযোজনার কোনো ছবিতে অভিনয় করেননি তিনি। বাংলাদেশে নির্মিত অপু বিশ্বাস অভিনীত ‘রাজা বাবু’ ছবিটি এবার ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। শাকিব খান আর অপু বিশ্বাস অভিনীত এই ছবির ভারতের পরিবেশক অজয় এন্টারপ্রাইজ।
খোকন জানিয়েছেন, সাফটা চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে ব্যবসাসফল ‘রাজা বাবু’ ছবিটি।
এদিকে ‘রাজা বাবু’র বিপরীতে ১৭ মার্চ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতের বাংলা ছবি ‘তোমাকে চাই’। ছবিটির এদেশের পরিবেশক তিতাস কথাচিত্র। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জে জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে ১ ফেব্রুয়ারি।
এর আগে সাফটা চুক্তির আওতায় ভারতের বাংলা ছবি ‘বেপরোয়া’, ‘অভিমান’, ‘বেলা শেষে’, ‘ওয়ান্টেড’সহ ১২টি ছবি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।









