নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ২৩ বাংলাদেশির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সোমবার বিকেল চারটার দিকে মরদেহবহনকারী বিশেষ ফ্লাইটটি এসে পৌঁছায়।
বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিমানবন্দর থেকে মরদেহগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হবে জানাযার জন্য। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের বিমানবন্দরে না গিয়ে আর্মি স্টেডিয়ামে যেতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫০ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
জীবিত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।
আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড।








