সাফ অনুর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে নেপালকে ৪-২ গোলে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজদের হয়ে একটি করে গোল করেছেন আফিদা খাতুন, আকলিমা আক্তার, সাহিদা আক্তার রিপা ও ইতি খাতুন।
ভারতে আয়োজিত ৩ দলের টুর্নামেন্টে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ। আগামী ১৯ মার্চ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবেন আফিদা-রিপারা। বুধবার আসরের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে ভারত।
জামশেদপুরে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে নেপালের রক্ষণভাগকে ভড়কে দেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম মিনিটেই কর্ণার থেকে রিপার বাড়ানো বলে হেড করে বাংলাদেশকে এগিয়ে দেন আফিদা।
২৯ তম মিনিটে আকলিমার দূরপাল্লার শট একটুর জন্য জালের দেখা পায়নি। তবে কাউন্টার অ্যাটাকে পরের মিনিটে সমতায় ফেরে নেপাল। ডি-বক্সের বাইরে থেকে দিপার দুর্দান্ত শট ফেরাতে পারেননি গোলরক্ষক রুপনা চাকমা।
তবে সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দর্শন ভক্তের শিষ্যরা। ৩৩ তম মিনিটে আকলিমার গোলে আবারও লিড পেয়ে যায় বাংলাদেশ।
পরের মিনিটে আবারও গোল আদায় করে বাংলাদেশ। এবার স্কোরশিটে নাম লেখান আকলিমা। ৪৩ তম মিনিটে নেপালের গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে ব্যবধান আরেকটু বাড়ান রিপা।
দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ঢিমেতালে চলেছে। প্রথমার্ধে ৪ গোল করা বাংলাদেশ এই অর্ধে একটিও সফল আক্রমণ করতে পারেনি। উলটো ৯৩ মিনিটে আমিশার গোলে ব্যবধান কমিয়েছে নেপাল। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বি ছোটনের শিষ্যরা।







