বায়ুদূষণে বিশ্বে চতুর্থ ঢাকা, শীর্ষে ভারতের দিল্লি

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে, তালিকার শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক ছিল ৩৪২, যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ের দূষণ নির্দেশ করে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন সকালে ঢাকার একিউআই স্কোর ছিল ১৭৩। এই স্কোরের ভিত্তিতে রাজধানীর বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ১৯৭। ১৯২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আর ১৭১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়।
অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
উল্লেখ্য, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিক বায়ুমান সূচক প্রকাশ করে।






