বিশ্বকাপে ‘শতভাগ সুস্থ’ নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী দানিলো। লন্ডনে অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘নেইমার দিনকে দিন শতভাগ সুস্থতার দিকে যাচ্ছে। বিশ্বকাপে সে ফিরবেই।’
পিএসজির মাঠে ২৫ ফেব্রুয়ারি মার্সেইকে ৩-০ গোলে হারানোর ম্যাচে গোড়ালিতে মারাত্মক আঘাত পান নেইমার। ম্যাচের ৭৭তম মিনিটে বউনা সারের কাছ থেকে বল নেয়ার সময় বুটের আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর স্ট্রেচারে করে বাইরে নিতে হয় তাকে। এরপর অস্ত্রোপচার করাতে ব্রাজিলে উড়াল দেন। সেখান থেকে ফিরে দলের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন। এখনো কোনো ম্যাচে মাঠে নামেননি।
বুধবার তার সতীর্থ দানিলো বলেন,‘ও ভালো আছে। আমরা আশা করছি প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে।’
নেইমার দলের সঙ্গে থাকা মানেই চেহারা পাল্টে যাওয়া। তার খেলার ধরণই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। সে কথা উল্লেখ করে দানিলো বলেন, ‘সে অনেক দ্রুত ছোটে। ডানে, বাঁয়ে, সামনে নাকি পেছনে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না।’
নেইমারের বিষয়ে কদিন আগে ব্রাজিল জাতীয় দলের ট্রেইনার বলেছিলেন, ‘সে প্রতিদিন অনুশীলন করছে। প্রত্যাশার চেয়ে ভালোভাবে সুস্থ হয়ে উঠছে।’
ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৭ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।








