যোগ করা সময়ের শেষ মূর্হুতে কেভিন ডি ব্রুইনের গোলে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির ম্যানচেস্টার সিটি।ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডি গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ ইতিহাদে শুরু থেকেই কোনঠাসা ম্যান সিটি।
সার্জিও আগুয়েরা, ডেভিড সিলভা না থাকায় স্প্যানিশ ক্লাব সেভিয়া আক্রমণের ঝড় বইয়ে দেয় সিটির ডি-বক্সে। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়েই যেতে পারতো সেভিয়া কিন্তু কোনোপ্লাইয়াঙ্কার শট পোস্টে লাগে।
তবে ৩০মিনিটে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে ঠিকই দলকে এগিয়ে নেন ইউক্রেনের এই মিডফিল্ডার। ঘরের মাঠে পিছিয়ে পড়ে আক্রমণাত্মক ফুটবল শুরু করে সিটি। যদিও তারা সাফল্য পায় আত্মঘাতী গোলের মধ্য দিয়ে।
ম্যাচের ৩৬ মিনিটে ডি বক্সে উইলফ্রেদ বোনির শট আদিল রামির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।গোল সমতায় থেকেই বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এগিয়ে যাবার সূবর্ণ সুযোগ নষ্ট করে কেভিন গামেইরো। তার হেড একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। ঠিক পরের মিনিটেই পাল্টা আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সিটির হেসুস নাভাস।
৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ডি বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের জোরাল শটে জয়সূচক গোলটি করেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইন।
এই জয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট তিন ম্যাচে হলো ৬। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩।







