ক্রিকেট

টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে ভালো শুরুর লক্ষ্য বাংলাদেশের

টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে ভালো শুরুর লক্ষ্য বাংলাদেশের

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০তে হেরেছে বাংলাদেশ। সিরিজে প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা পেছনে ফেলে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যের চেয়েও প্রথম ম্যাচে ভালো শুরু করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বাড়তি চাপ না নিয়ে নিজেদের পরিকল্পনা ও গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে মাঠে নামার কথা জানিয়েছেন তিনি।

আগামী ১ ডিসেম্বর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তার আগে রোববার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বর্তমান অবস্থা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন তাসকিন। সেখানে জানান লক্ষ্যের কথা।

বলেছেন, ‘যেহেতু টেস্ট সিরিজটা আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, এখন লক্ষ্য ওয়ানডে সিরিজটা কীভাবে ভালো কামব্যাক দিয়ে শুরু করা যায়। যদিও সবশেষবার এখানে আমাদের ফল ভালো হয়েছিল, তবে সেটা অনেক দিন আগের কথা। আশা থাকবে সিরিজটা জেতার, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ পরশুদিনের প্রথম ম্যাচ। ওটা কীভাবে ভালোভাবে শুরু করা যায়, সেটাই আসল।’

ওয়ানডে সিরিজের জন্য দেশ থেকে নতুন কয়েকজন ক্রিকেটার দলে যোগ দেওয়ায় স্কোয়াডে বাড়তি সতেজতা এসেছে বলে মনে করেন এই ডানহাতি পেসার। তবে ভিন্ন কন্ডিশনের চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।

তাসকিন বলেন, ‘দলে কয়েকজন একদম ফ্রেশ অবস্থায় আছে, যেহেতু তারা নতুন এসেছে। তারা দেশ থেকে প্রস্তুতি নিয়েই এসেছে। যদিও দেশের কন্ডিশন আর এখানকার কন্ডিশন পুরোপুরি আলাদা। তারপরও সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

ম্যাচের আগে নিজেদের ওপর বাড়তি চাপ না নিয়ে নির্ভার থাকার পরামর্শ দিয়েছেন তাসকিন। বলেছেন, ‘দলে যারা আছে সবাই কীভাবে রিল্যাক্স থাকা যায় সেটাই ভাবছে। কারণ, বাড়তি চাপ নিলে তো আর মাঠে এক্সিকিউশন ভালো হয়ে যাবে না। যেভাবেই হোক, মাঠে নিজেদের গেম প্ল্যান এবং গেম অ্যাওয়ারনেস ঠিক রেখে কীভাবে জেতা যায়, সবাই সেভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে।’

বিষয়:ওয়ানডে সিরিজ তাসকিন বাংলাদেশ বিসিবি সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…