চিত্রনায়ক বাপ্পী চৌধুরী তার নতুন ছবি ‘সিক্রেট এজেন্ট’-এর শুটিং শুরু করেছেন। নির্মাতা সাফিউদ্দিন সাফির পরিচালনায় এফডিসির একটি ফ্লোরে এ ছবির শুটিং শুরু হয়েছে রবিবার থেকে। শুটিংয়ে বাপ্পী ছাড়াও অংশ নিয়েছেন নতুন নবাগতা উষ্ণ হক।
গত ৬ ডিসেম্বর ছিল চিত্রনায়ক বাপ্পীর জন্মদিন। ওইদিনই জন্মদিনের উপহার হিসেবে নির্মাতা সাফি বাপ্পীকে ‘সিক্রেট এজেন্ট’-এ চুক্তিবদ্ধ করান। ঘোষণার মাস খানেক পর রবিবার থেকে ‘সিক্রেট এজেন্ট’-এর ক্যামেরা চালু হলো।
পরিচালক সাফি জানালেন, টানা কাজের মাধ্যমে ছবির শুটিং শেষ হবে।
শাকিব খানকে নিয়ে ভালোবাসা এক্সপ্রেস, তোমার জন্য মরতে পারি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনির দুই কিস্তি নির্মাণ করেছেন সাফিউদ্দিন সাফি। ‘সিক্রেট এজেন্ট’ তার নির্দেশিত ২৫ তম ছবি।
নির্মাতা বললেন, ছবিতে বাপ্পীকে নতুন একটি লুকে হাজির করা হবে। সেই সঙ্গে গল্পে থাকবে থ্রিলার। ‘সিক্রেট এজেন্ট’ হবে আধুনিক ছবি।
এর আগে সাফিউদ্দিন সাফির ‘মিসড কল’ ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পী। নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিক্রেট এজেন্ট’ ছবির শুটিংয়ের মাধ্যমে এ বছর আমি শুটিং শুরু করলাম। রবিবার শুটিং শুরু হলেও সোমবার থেকে আমি শুটিং শুরু করেছি। সাফি ভাইয়ের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। ছবিটির গল্পটিও দারুণ। তাছাড়া এ ছবিটি ছিল আমার জন্মদিনের উপহার। সে কারণে কাজটি আমার কাছে একটু বেশি স্পেশাল।
‘সিক্রেট এজেন্ট’ বাপ্পী চৌধুরী সম্প্রতি ‘যুদ্ধ’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ইফতেখার চৌধুরী পরিচালনা করবেন ছবিটি। রুমান রুনীর আরও একটি ছবি হাতে এ নায়কের। এছাড়া দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা ২০৪০’ ছবির দ্বিতীয় লটের শুটিং শুরুর প্রস্তুতি চলছে।
সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় আছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ও বেলাল সানির ‘ডেঞ্জার জোন’।







