ঢাকা দক্ষিণে বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও সিটি নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা চেয়েছেন। কিন্তু নির্বাচনের সময় সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মনে করেন আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।
সমর্থকদের নিয়ে সকাল থেকেই প্রচারে নামেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তার অভিযোগ, সরকার ভীত হয়ে বেগম খালেদা জিয়া এবং মির্জা আব্বাসের প্রচারে হামলা চালাচ্ছে।
আফরোজা আব্বাস বলেন, আমাদের প্রচারণায় প্রশাসনের সহায়তায় সন্ত্রাসীরা হামলা করছে। টহল দেওয়ার জন্য সেনাবাহিনী চাইনি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েই মাঠে নামাতে হবে। তা হলে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
কিন্তু সাঈদ খোকন বলেন, বাধা দেওয়ার কোনো ঘটনা তার জানামতে নেই। টিভিতে দেখতে পাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব মুক্তভাবেই প্রচারণা চালাচ্ছেন। এসব আসলে কথার কথা।
সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া না দেওয়া সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয় বলেও মন্তব্য করেন সাঈদ খোকন।
সাঈদ খোকন এবং মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দু’জনেরই প্রচার চলেছে উৎসবমুখর পরিবেশে।







