রিয়াল মাদ্রিদের বোর্ডে আসছেন নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ ক্লাবটি আগামী বোর্ড সভায় তার নাম প্রস্তাব করবে। অনুমোদিত হলে স্পেনিয়ার্ড কিংবদন্তি সাবেক রিয়ালের পরিচালনা পর্ষদে যুক্ত হবেন।
রিয়াল এই নিয়োগকে অনুষ্ঠানিক রূপ দিতে সাধারণ সভা ডেকেছে। ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর অনুচ্ছেদের ভিত্তিতে নাদালকে পর্ষদের সদস্য হিসেবে যুক্ত করতে প্রস্তাব উত্থাপন করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে বিশেষ সাধারণ সভায় প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যেই নাদাল সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ালকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যোগ দেয়ার প্রস্তাবের জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবং পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানাই। অত্যন্ত উৎসাহের সঙ্গে এ প্রস্তাব গ্রহণ করেছি এবং নতুন কিছু শেখার পাশাপাশি যথাসম্ভব অবদান রাখতে আগ্রহী।’
নভেম্বর ২১ রিয়াল মাদ্রিদের সাধারণ সভাটি হবে। প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৯টায় এবং দ্বিতীয় অধিবেশন সকাল ১০টায়।






