আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

ছবি : সংগৃহীত

 নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে দুর্দান্ত জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী আবের কাওয়াস। এর মধ্য দিয়ে তিনি নিউ ইয়র্ক স্টেট আইনসভায় প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি আমেরিকান হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করলেন।

নিউইয়র্ক টাইমসের প্রকাশিত নির্বাচনি ফলাফলে দেখা গেছে, ভোট গণনার ৯০ শতাংশ সম্পন্ন হওয়ার পর আবের কাওয়াস প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মনোনীত প্রার্থী হান খন তো-কে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি এই ঐতিহাসিক জয় তুলে নেন। জয়ের পর সামাজিক মাধ্যম এক্সে (এক্স) দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “আমরা ইতিহাস তৈরি করেছি”।

‘ফান্ড ডিগনিটি, ফাইট ডেস্ট্রাকশন’ (মর্যাদার অর্থায়ন, ধ্বংসের বিরুদ্ধে লড়াই)  এই স্লোগানকে সামনে রেখে নিজের নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন আবের। তার এজেন্ডায় সর্বজনীন স্বাস্থ্যসেবা, সুলভ মূল্যে আবাসন, দ্রুত ও নির্ভরযোগ্য জনপরিবহন ব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন রোধে জোরালো পদক্ষেপের কথা বলা হয়েছিল।

এছাড়া অভিবাসী অধিকার রক্ষা এবং যুদ্ধবিরোধী কঠোর অবস্থানের কারণে তরুণ প্রজন্মের মাঝে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) -এর এই নেত্রীর জয়ে ফিলিস্তিনপন্থী ও প্রগতিশীল মার্কিন সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব আরও সুসংহত হলো।

নির্বাচনে বার্নি স্যান্ডার্স, রাশিদা তালাইবসহ বিশিষ্ট প্রগতিশীল ডেমোক্রেটিক নেতারা তাকে সমর্থন দিয়েছিলেন। অভিবাসী পরিবারে বেড়ে ওঠা আবের কাওয়াসের পারিবারিক জীবনও ছিল সংগ্রামের। তার বাবার রাজনৈতিক নির্বাসন ও আটকের অভিজ্ঞতা তাকে ছোটবেলা থেকেই শ্রমিক ও অভিবাসী অধিকার আদায়ে সোচ্চার করে তোলে। বিশ্লেষকদের মতে, মার্কিন রাজনৈতিক অঙ্গনে মুসলিম ও ফিলিস্তিনি আমেরিকানদের ক্রমবর্ধমান প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই জয় একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

বিষয়:আবের কাওয়াস ডিএসএ ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…