যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে শহরের অভিবাসী পরিবারগুলো তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কী হবে তা নিয়ে ভয়ে আছে।
ডি ব্লাসিও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ওই বৈঠক শেষে নিউইয়র্কের ডেমোক্রেটিক দলের মেয়র বিল ডি ব্লাসিও বলেন, নথিভুক্ত নয় এমন অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়ার হাত থেকে বাঁচানোই তার লক্ষ্য হবে জানিয়ে তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়ে এসেছেন।
মেয়র জানান, তাদের দু’জনের মধ্যে ‘খোলাখুলি’ আলোচনা হয়েছে এবং তখন তিনি ট্রাম্পকে বলেছেন দেশছাড়া করা হলে অনেক পরিবারই বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এর আগে অপরাধের ইতিহাস আছে, এমন ৩০ লাখ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করা কিংবা
বন্দি করার হুমকি দিয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অপরাধে জড়িত এবং অপরাধের অভিযোগ রয়েছে, বিভিন্ন সন্ত্রাসী দলের সদস্য, মাদক ব্যবসায়ী – এ রকম অভিবাসীর সংখ্যা প্রায় ২০ লাখ। বলা যায় না, এই সংখ্যা ৩০ লাখেরও বেশি হতে পারে। এদেরকেই দেশছাড়া করা হবে কিংবা আটক করা হবে।’
মেয়র ডি ব্লাসিও ছাড়াও ওয়াশিংটন এবং লস অ্যাঞ্জেলেস শহরের মেয়ররাও বলেছেন, তারা তাদের শহরের মানুষকে দেশান্তরী হওয়ার হাত থেকে বাঁচাবেন।
অন্যদিকে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আশা প্রকাশ করেন, জানুয়ারির ২০ তারিখে ডোনাল্ড ট্রাম্প যখন শপথ গ্রহণ করবেন তখন সবকিছু ভালোভাবেই চলবে। ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে এক বৈঠক শেষে বাইডেন বলেন, নতুন সরকার গঠনের সময়টা কখনোই সহজ নয়। পেন্সকে যে কোনো সময় সাহায্যের জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি।








