কক্সবাজার

টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারী’ নিহত

টেকনাফ-রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দিল মোহাম্মদ দিলু নামে এক ‘ইয়াবা কারবারী’ নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

নিহত দিল মোহাম্মদ দিলু (৩৬) টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মৃত মকবুল আহমেদ পুতুর পুত্র।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার বিকেলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামী ও তালিকাভুক্ত ইয়াবা কারবারী দিল মোহাম্মদকে আটক করে। তার স্বীকারোক্তি মতে বুধবার ভোররাতে মেরিনড্রাইভ সড়কে একটি পরিত্যক্ত মাছের হ্যাচারীর পেছনে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ।

‘‘এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আটককৃত দিল মোহাম্মদ দিলুর সহযোগী মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে টেকনাফ মডেল থানার এএসআই সজীব দত্ত, এসআই বাবুল ও কনস্টেবল ইব্রাহীম আহত হয়। পরে ঘটনাস্থাল থেকে দিলুর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল তল্লাশী করে ৬টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’’

বিষয়:ইয়াবা উদ্ধার টেকনাফ বন্দুকযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…