ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী। তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান: ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মিম পরিবহনের সাথে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী চুনাপাথর ভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী ও এক পুরুষ নিহত হয়। আহত হয় ১৫ জন। আহতদের মধ্যে আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।







