টাঙ্গাইলের এলেঙ্গায় ট্রাক চালককে মারধরের অভিযোগ উঠেছে জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আকরামের বিরুদ্ধে। বুধবার রাত ৭টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চালককে মারধর করা হয়।
ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের উর্ধ্বতন ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমঝোতার মাধ্যমে ঘটনাটির সমাধান করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিবহন শ্রমিক ও স্থানীয়রা জানান, ট্রাক চালক হাফিজুর গাড়ি চালাচ্ছিলেন। এসময় মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যায়। পরে সেখানে কর্মরত ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) আকরাম এগিয়ে গিয়ে গাড়ি সড়ক থেকে সরাতে বললে। এসময় গাড়ির কাগজপত্র দিতে বললে দেরী হওয়ায় গাড়িতে লাঠি দিয়ে পেটাতে থাকে।
এ নিয়ে পুলিশের সাথে চালকের বাকবিতণ্ডার সূত্রপাত হয়। পরে পুলিশ সদস্য আকরাম চালক হাফিজুরকে মারধর করা শুরু করে। এসময় চালক মারধর থেকে বাঁচতে স্থানীয় দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও তাকে পুনরায় মারধর করা হয়।
অন্যদিকে চালককে মারধরের ঘটনা এলাকায় জানাজানি হলে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাত ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত শ্রমিকরা পুলিশ সদস্যের শাস্তি দাবি করে সড়ক অবরোধের কর্মসূচী পালন করে। এসময় ঢাকা-বঙ্গবন্ধু সেতুপুর্ব মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
পরে কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির উপস্থিত হয়ে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম জানান, এঘটনার পর পুলিশ সদস্য আকরাম এলেঙ্গার দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে অন্য আরেকজন দায়িত্ব পালন করবেন। ঘটনা তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







