র্যাব হেফাজতে নওগাঁর ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন।
তদন্ত কমিটির প্রতিবেদন দেখে আদালত বলেছেন, প্রতিবেদনটি অস্পষ্ট ও সুনির্দিষ্ট ফাইন্ডিংস উল্লেখ করা হয়নি। ভুক্তভোগীকে গ্রেপ্তার করার সময় নিয়েও তথ্যগত ভিন্নতা দেখা যাচ্ছে।
একপর্যায়ে আদালত রুল শুনানির জন্য ২৯ নভেম্বর বেলা দুইটায় রুল সময় নির্ধারণ করেন।আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান ও তৌফিক সাজাওয়ার।
সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। গত ২২ মার্চ নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাঁকে আটক করে র্যাব। ২৪ মার্চ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।







