ব্যাটাররা লড়ার মতো পুঁজি এনে দিলে মিরপুর টেস্ট জয়ে রাঙাতে পারবে বাংলাদেশ, মনে করেন টাইগার অফস্পিনার নাঈম হাসান। তৃতীয় দিন শেষে নিজেদেরই এগিয়ে রাখলেন এ তরুণ। সংবাদ সম্মেলনে নাঈম বললেন, ‘আমরা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। ব্যাটিংটা ভালো হলেই কাজটা সহজ হয়ে যাবে।’
শুক্রবার তৃতীয় দিন শেষে ৮ উইকেট হাতে রেখে ৩০ রানে এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনে ব্যাটিং ভালো হলে জয়ের পথে এগিয়ে যাবে দল, বোলারদের প্রতিনিধি হয়ে আসা নাঈম আত্মবিশ্বাস নিয়ে জানালেন এ কথা।
‘যে অবস্থায় আছি তাতে আমরা এগিয়ে। যদি ব্যাটিং ভালো হয়, বোলাররা ম্যাচ জেতাতে পারবে বলে মনে করি। জয়ের জন্য যতটা চেষ্টা করা যায় আমরা করবো।’
সিরিজের দ্বিতীয় টেস্ট যে উইকেটে হচ্ছে তাতে ব্যাটারদের টিকে থাকা কঠিন। দ্রুত রান তোলার চেষ্টায় সফল হয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। ৭২ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দেন ৮ রানের লিড।
মিরপুরে মেরে খেলাই আদর্শ কিনা জানতে চাওয়া হলে নাঈম বললেন, ‘একেকজনের খেলার ধরন একেকরকম। কেউ চায় কষ্ট করে রান করতে, কেউ বাউন্ডারি মেরে। ফিলিপস সফল হয়েছে আজ, তবে কাল সফল নাও হতে পারে।’
শুক্রবার আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর খানিকটা বৃষ্টিও ঝরেছে মিরপুরে। আকাশ মেঘে ঢাকা থাকায় খেলা চালানোর মতো পর্যাপ্ত প্রাকৃতিক আলো মেলেনি। অবশ্য ফ্লাডলাইট জ্বলছিল বাংলাদেশ ইনিংসের শুরু থেকেই। বেশ কয়েকবার আলো মাপতে আম্পায়াররা মাঠে প্রবেশ করেন। কয়েকদফা পর্যবেক্ষণের পর বিকেল ৪টা ৯ মিনিটে তৃতীয় দিনের খেলার ইতি টানা হয়। সারাদিন খেলা হয়েছে মোটে ৩২.৩ ওভার।
তাতে দুদল মিলে রান তুলেছে দেড়শর বেশি। বোঝাই যাচ্ছে দ্রুত রান তোলাই বুদ্ধিমানের। বাংলাদেশও চেষ্টা করে যাচ্ছে। ৮ ওভারে তুলেছে ৩৮ রান, হারাতে হয়েছে ২টি উইকেট।
৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। খেলা বন্ধ হওয়ার আগের বলে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক করেন ১৫ রান। তার আগে মাহমুদুল হাসান জয় ২ রান করে ফেরেন সাজঘরে।
জাকির হাসান ১৬ ও মুমিনুল হক ১ বল খেলে শূন্য রানে অপরাজিত আছেন। টিম সাউদি ও অ্যাজাজ প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।








