গুলশানের অভিজাত হলি আর্টিজান রেস্তোরায় ভয়াবহ হামলার অস্ত্র সরবরাহকারী দুর্ধষ জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেলকে জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় আসছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা’র (এনআইএ) একটি প্রতিনিধি দল।
পুলিশ সদর দফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস চ্যানেল আই অনলাইনকে বলেন: সোমবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা’র (এনআইএ) একটি প্রতিনিধি দলের ঢাকা আসার কথা রয়েছে। জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদ ও জঙ্গিবাদ রুখতে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবে।
জঙ্গি সোহেল মাহফুজ ভারতে পালিয়ে জেএমবির শীর্ষ নেতা হিসেবে তৎপর ছিল। এরই মধ্যে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) প্রতিনিধিরাও জঙ্গি সোহেল মাহফুজের ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। পশ্চিমবঙ্গের খাগড়া বিস্ফোরণে মামলার আসামি এই সোহেল মাহফুজ।
ইতিমধ্যে মোস্টওয়ান্টেড জঙ্গি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল জিজ্ঞাসাবাদ করতে ঢাকায় এসেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের (এসটিএফ) একটি দল। তিন সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি তিন দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসে।
সহেলী ফেরদৌস জানান, এসটিএফের প্রতিনিধিরা প্রথমে পুলিশ সদর দফতরে বৈঠক করেন। এরপর এসটিএফের প্রতিনিধিরা যান মিন্টো রোডে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের কার্যালয়ে। সেখানে তারা সিটিটিসির কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।
সূত্র জানায়, বাংলাদেশে জঙ্গিদের অপতৎপরতার সঙ্গে ভারতীয় যেসব জঙ্গির নানা পর্যায়ে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তাদের ব্যাপারে তথ্যের আদান-প্রদান হয়।







