জঙ্গি ও নৌ-ডাকাত গ্রেফতারে গাইবান্ধার চরাঞ্চলে অভিযান

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার চরাঞ্চলের জঙ্গি ও নৌ-ডাকাত গ্রেফতার অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোর থেকে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে এই অভিযান চলছে।
সকাল সাড়ে ৭টা থেকে এ অভিযান চললেও কোনো আস্তানার সন্ধান এবং কোনো ডাকাত গ্রেফতার হয়নি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আবদুল্লাহ্ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরাঞ্চলের কিছু এলাকায় জঙ্গি তৎপরতা ও আস্তানার খোঁজ পেয়ে এ অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওইসব এলাকায় নৌ ডাকাত গ্রেফতারেও অভিযান চলছে।
তিনি আরও জানান, পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে চরাঞ্চলের কিছু এলাকা ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত বছরও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাইবান্ধার সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার দূর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কয়েক দফায় অভিযান চালায়। কিন্তু অভিযানে পরিত্যক্ত দু-তিনটি দেশীয় অস্ত্র ছাড়া জঙ্গি ও নৌ ডাকাত গ্রেফতার করতে পারেনি।






