নিখোঁজের ২দিন পর বিল থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ২০ অক্টোবর সকাল ৭টার দিকে বাড়ির পাশের একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
শাম্মী গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) গ্রামের শহিদুর রহমানের মেয়ে। সে পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত ৮টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বাড়ির পাশের বিলের পানিতে মানুষের মতো কিছু একটা ভাসতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পানি থেকে মরদেহটি তোলার পর শাম্মীর বাবা-মা সেটি শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিখোঁজের দুই দিন পর বিলের পানি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।






