গত চার মৌসুমে লিগ জিতেছে মাত্র একবার। কিন্তু এই সময়ে তিনবার জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমেও লিগ শিরোপা চলে গেছে চিরপ্রতিদ্বন্দ্বীর ঘরে। তবে চ্যাম্পিয়ন্স লিগে আশা টিকে আছে বেশ ভালোভাবেই। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে রিয়ালের সম্পর্কটা যেন একটু অন্যরকম। এই সংযোগকে ‘গার্লফ্রেন্ড’র সঙ্গে তুলনা করেছেন পিএসজি কোচ।
উনাই এমেরির দাবি, চ্যাম্পিয়ন্স লিগ হল রিয়াল মাদ্রিদের ‘গার্লফ্রেন্ড’। তবে স্প্যানিশদের কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগকে দূরে সরানোর আহ্বানও জানান নেইমারদের কোচ।
নিজের উপর ক্ষোভ থেকেই কি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে এমন মন্তব্য করলেন এমেরি। কারণ ফরাসি জায়ান্টদের ডাবল জিতিয়েও আগামী গ্রীষ্মে ক্লাব ছাড়তে হচ্ছে তাকে। তার সরে যাওয়ার কারণও চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতা।
ইউরোপ সেরার আসরে শেষ আট থেকেই বিদায় নেয় পিএসজি। তাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের কাছে হেরে। তারপর থেকেই ক্লাব কর্তৃপক্ষ ক্ষুব্ধ কোচের উপর। বিলিয়ন ডলার খচর করে নেইমার এমবাপের মত তারকাদের দলে ভিড়িয়েও বড় আসরে ব্যর্থ প্যারিস সাঁ সাঁ।

এমেরি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগকে চ্যালেঞ্জ করা উচিত ধীরে ধীরে। এ জন্য ধৈর্য এবং সামঞ্জস্যতা ঠিক করতে হবে। ’
’ঠিক যেভাবে একজন নারীর মন ধীরে ধীরে জয় করতে হয়। এখন এটা (চ্যাম্পিয়ন্স লিগ) যেমন রিয়ালের ‘গার্লফ্রেন্ড’ হয়ে গেছে। গত চার আসরের তিনটিই জিতেছে রিয়াল। যা বাস্তবতা, তাতে এবারো হয়তো তারাই জিতবে’,-যোগ করেন এমেরি।
পিএসজি কোচের শেষ সংযোজন, ‘এই রাস্তায় আস্তে আস্তে এগুতো হয়। এটা কোনো কৌতুক নয়, কিন্তু রূপক।’
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে আছে রিয়াল। বায়ার্নের মাঠ থেকে ফিরেছে ২-১ ব্যবধানে জিতে। আরেকটি ফাইনালে যেতে ঘরের মাঠে বুধবার লিডটা ধরে রাখতে হবে জিনেদিন জিদানের দলকে।








