চোটের কারণে আটালান্টার বিপক্ষে শনিবার সিরি আ ম্যাচে খেলা হচ্ছে না জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগের ম্যাচে না খেললেও ক্লাবের আশা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে ফিরবেন সিআর সেভেন।
আটালান্টা ম্যাচের জন্য শুক্রবার দেয়া দলের তালিকায় নাম ছিল না রোনালদোর। পরে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টে ৩৪ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা নিজেই জানিয়েছেন দীর্ঘ তিন সপ্তাহ ধরে হাঁটুর চোটে ভুগছেন। বলেছেন, এই সপ্তাহটা চোট সারানোর কাজে ব্যস্ত থাকবেন।
চোট নিয়েই গত সপ্তাহে জাতীয় দলের ইউরো বাছাইয়ে দুই ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন হ্যাটট্রিকও। জুভেন্টাসের হয়ে সবশেষ এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে তাকে আগেভাগে তুলে নেয়ায় ক্ষোভে খেলা শেষের আগেই মাঠ ছেড়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন।
সে বিতর্ককে অবশ্য মিডিয়ার সৃষ্টি বলে আখ্যা দেন রোনালদো। জানিয়েছেন বাছাইপর্বের ম্যাচে পুরোপুরি সুস্থ ছিলেন না। অথচ সেই অবস্থা নিয়েই করেছেন হ্যাটট্রিক, ‘গত তিন সপ্তাহে আমার অনেক সমস্যা ছিল। ভালো অবস্থায় ছিলাম না। তবে আমার মাঠ ছাড়ায় কোনো বিতর্ক হয়নি, এগুলো গণমাধ্যম তৈরি করেছে।’
‘চেয়েছিলাম জুভেন্টাসকে সাহায্য করতে। কেউ চায় না মাঠ থেকে বের হয়ে যেতে। আমি বিষয়টা মেনে নিয়েছি কারণ আসলেই খেলার মতো অবস্থায় ছিলাম না।’










