বিশ্বকাপের কোয়ালিফায়ারে নিয়মরক্ষার ম্যাচে ব্রাজিলের কাছে পাত্তাই পায়নি চিলি। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ খেলার শেষ স্বপ্ন টুকোও নষ্ট হয়েছে মার্টিন লাসার্তের দলের।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে অবস্থিত ঐতিহ্যবাহী এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে সেলেসাওরা। একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে ম্যাচের ৪৪ মিনিটে নেইমারকে ফাউল করে বসলে পেনাল্টি পায় টিটের দল। স্পট কিকে দলকে লিড এনে দেন তারকা ফরোয়ার্ড নেইমার।
বিরতিতে যাওয়ার আগে অ্যান্টোনির বাড়িয়ে দেয়া বলে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
বিরতি থেকে যথারীতি আক্রমণের দাঁড় অব্যাহত রাখে নেইমার-কৌতিনহোরা। তবে গোল পেতে কিছুটা সময় নিচ্ছিল। প্রথমার্ধের করা ভুল দ্বিতীয়ার্ধেও করে বসে সানেচেজের দল।
ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। তবে এবার নেইমারের পরিবর্তে স্পট কিক নেন কৌতিনহো। তবে হতাশ করেননি সেলেসাওদের। ৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন অ্যাস্টন ভিলা মিডফিল্ডার।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে ব্রুনো গুইমারায়েসের বাড়িয়ে দেয়া বলে চিলির জালে শেষ গোল করেন রিচার্লিসন। ৪-০ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে টিটের দল।
ব্রাজিলের বিশ্বকাপ আগেই নিশ্চিত হওয়ায় এ ম্যাচটি ছিল অনেকটা নিয়ম রক্ষার। তবে বিশ্ব মঞ্চে যাওয়ার আগে নিজেদের শক্তিমত্তা ভালোভাবেই পরখ করে নিয়েছে টিটে। অন্যদিকে আগে থেকেই বিশ্বকাপের আশা নিভুনিভু করা চিলির শেষ আশাও নষ্ট হয়েছে।
আগামী ৩০ মার্চ বলিভিয়ার মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।







