গলার সমস্যায় ভুগতে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে বৃহস্পতিবার থাইল্যান্ডে গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ব্যক্তিগত উদ্যোগেই দেশের বাইরে গেছেন টাইগার ব্যাটার।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে যাবে জাতীয় দল। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটিই বাংলাদেশের প্রথম অ্যাসাইনমেন্ট। বিরতি কাটিয়ে লাল বলের লড়াইয়ে নামবেন মুশফিক-শান্তরা।
চট্টগ্রামে প্রস্তুতি নিচ্ছেন টেস্ট দলের অধিকাংশ ক্রিকেটার। বিসিবির আরেকটি দল অস্ট্রেলিয়া সফরে রয়েছে। ডারউইনে শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় পাকিস্তান ‘এ; দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলতে নামবেন সাদমান-জয়রা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান।
এদিকে বৃহস্পতিবার থেকে মাঠে ফিরেছে ক্রিকেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বিসিবি লাল দল ও সবুজ দল দুই দিনের ম্যাচে মুখোমুখি হয়। প্রথম দিনটি ছিল বোলারদের।
লাল দল ৪৫.২ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায়। মুশফিকুর রহিম ৫০ রান করেন। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান। ৩ উইকেট নেন পেসার খালেদ আহমেদ।
সবুজ দল ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলেছে ১৪৬ রান। মুমিনুল হক সর্বোচ্চ ৪৭ রান করে অপরাজিত আছেন। লাল বলের প্রস্তুতি ম্যাচ মূলত আসন্ন পাকিস্তান সফর ঘিরে।








