চিকিৎসার জন্য গন্তব্য ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেই হাসপাতালে তারা এসেছেন, কিন্তু লাশ হয়ে, হাসপাতালের মর্গে।
বুধবার ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন বাবা সায়েদ মোল্লা ও ছেলে নয়ন। অ্যাম্বুলেন্সের ড্রাইভারও নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেক ছেলে আলী আহমদ । কাঁচপুর হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম জানান, অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনায় আহত হয়েছে নিহত সায়েদ মোল্লার আরেক ছেলে ও অ্যাম্বুলেন্স হেলপার। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আহতদের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।







