অপরাধ

নব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’ গ্রেপ্তার

চার মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন

নব্য জেএমবির শীর্ষ নেতা ‘বোমারু মামুন’ গ্রেপ্তার

নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। ছবি: সংগৃহীত

নব্য জেএমবির শীর্ষ নেতা নাজমুল হাসান মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। পুলিশের অপরাধবিষয়ক নথিতে তিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত। লক্ষ্মীপুরের রায়পুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

সাভার, আশুলিয়া, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার চারটি মামলায় মামনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

তবে মামুনের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ। অ্যান্টি টেররিজম ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করনে।

কে এই ‘বোমারু মামুন’
বরিশালের রূপাতলী থানার বাসিন্দা মো. ইসমাইল মীরের ছেলে নাজমুল হাসান মামুন। ঢাকার দক্ষিণখান, টঙ্গী ও উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন তিনি। তবে ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তার পড়াশোনা আর এগোয়নি।

ঢাকার পান্থপথের ওলিও হোটেলে ২০১৭ সালের বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারের পর ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার বর্ণনা দেন মামুন।

জবানবন্দি অনুযায়ী, কলেজে পড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আবু মুসলিমা নামের এক ব্যক্তির সঙ্গে মামুনের পরিচয় হয়। ২০১৬ সালের জুন বা জুলাই মাসে উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্কে তাদের প্রথম দেখা হয়।

সেখানে আবু মুসলিমা মামুনকে প্রচলিত শিক্ষাব্যবস্থা থেকে দূরে সরে ধর্মীয় উগ্রবাদী চিন্তায় প্রভাবিত করেন। এরপর তাদের যোগাযোগ চলতে থাকে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ থ্রিমায়। সেখানে মামুনের সাংগঠনিক নাম দেওয়া হয় ‘আবদুল্লাহ’ এবং আবু মুসলিমার নাম হয় ‘মুয়াজ’।

মুয়াজের মাধ্যমেই আবদুল ওয়াহিদ নামের আরেক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় মামুনের। এভাবে ধীরে ধীরে জঙ্গি সংগঠনের সাংগঠনিক যোগাযোগ ও কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর উত্তরার একটি এলাকা থেকে গ্রেপ্তার হন মামুন। দীর্ঘ আট বছরের বেশি সময় মামলা চলার পর ২০২৬ সালের ৫ জানুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল তাকে ১১ আসামির সঙ্গে খালাস দেন।

ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালিমের দেওয়া রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলেও রায়ে উল্লেখ করা হয়।

তবে খালাস পাওয়ার আগেই ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন মামুন।

জামিনে বেরিয়ে ফের নেটওয়ার্ক গড়ার অভিযোগ
কারাগার থেকে জামিনে মুক্তির পর অন্তর্বর্তী সরকারের গঠিত গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ করেন মামুন। তার দাবি ছিল, ২০১৬ সালের ডিসেম্বরে বরিশাল থেকে তাকে গুম করা হয়েছিল। এ ঘটনায় পুলিশের বিভিন্ন সংস্থা জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আবারও জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ সামনে আসে।

২০২৫ সালের ২৬ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেখ আল-আমিন ওরফে রাজিব ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

মামুনকে ১০ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তার নেতৃত্বে নব্য জেএমবির নতুন নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে তথ্য পাওয়া যায় বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা। তিনি বলেন, জামিনে মুক্তির পর মামুন আবারও সংগঠনের সদস্য সংগ্রহ ও সাংগঠনিক নেটওয়ার্ক তৈরির কাজে সক্রিয় হয়েছিলেন।

আবারও সক্রিয় ও নতুন এনক্রিপ্টেড অ্যাপ ‘এলিমেন্ট’
তবে কারাগার থেকে মুক্তির পর নিজেকে ভুক্তভোগী সাজিয়ে তিনি আবারও নব্য জেএমবির সামরিক শাখার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। বর্তমানে মামুন এবং তার সহযোগী নেটওয়ার্ক ‘এলিমেন্ট’ নামের একটি সুরক্ষিত এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তাদের যোগাযোগ ও প্রচারণার জন্য মূলত তিনটি গোপনীয় চ্যানেলের ব্যবহার শনাক্ত করেছে গোয়েন্দারা। এগুলো হলো— আত-তামকিন মিডিয়া : উগ্র মতাদর্শের দাওয়াত ও প্রচারণার জন্য; ফুরসান আল তৌহিদ: হুমকি প্রদান, প্রচারণা এবং হামলার দায় স্বীকারের বার্তা প্রচারের জন্য; ট্র্যাশ মিডিয়া: অভ্যন্তরীণ যোগাযোগ ও গোপন নির্দেশনা আদান-প্রদানের জন্য।

নথিতে আরও বলা হয়েছে, সাধারণ যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি জোরদার হওয়ায় এই উগ্রবাদী নেটওয়ার্কগুলো এখন অপেক্ষাকৃত নিরাপদ এনক্রিপ্টেড প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে।

চট্টগ্রাম ও ঝিনাইদহে বোমা তৈরির প্রশিক্ষণ
২০১৬ সালের জুন-জুলাইয়ে আবু মুসলিমার সঙ্গে পরিচয়ের পর একই বছরের অক্টোবরে চট্টগ্রামে চলে যান মামুন। সেখানে ২০১৭ সালের শুরুর দিকে নব্য জেএমবির সদস্য মো. সাখাওয়াত হোসেনের কাছ থেকে বোমা তৈরির প্রশিক্ষণ নেন তিনি। সংগঠনে সাখাওয়াতের সাংগঠনিক নাম ছিল ‘মাহফুজ’, ‘সবুজ পাখি’ ও ‘তাহুশ’।

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসিন্দা সাখাওয়াত ১৯৮৪ সালে জন্মগ্রহণ করেন। স্থানীয় আল হেরা একাডেমি থেকে ২০০২ সালে এসএসসি পাসের পর ফুলবাড়িয়া কলেজে ভর্তি হন। তবে এইচএসসি শেষ করার আগেই ২০০৪ সালে নৌবাহিনীতে যোগ দেন তিনি।

নৌবাহিনীতে কর্মরত অবস্থায় ২০১৪ সালে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন সাখাওয়াত। ওই সময় তিনি প্রেষণে চট্টগ্রামে র‌্যাব-১২-তে কর্মরত ছিলেন। এর আগে ২০১৩ সালে নীলফামারী ও টাঙ্গাইনে র‌্যাবের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০১৭ সালের শুরুর দিকে চট্টগ্রামে দুই মাসের প্রশিক্ষণে সাখাওয়াতের কাছ থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার সম্পর্কে ধারণা নেন মামুন। পরে টিএটিপি নামে পরিচিত বিস্ফোরক তৈরির বিষয়ে দক্ষতা অর্জন করেন তিনি।

এরপর ঝিনাইদহে আরেক দফা প্রশিক্ষণ নেন মামুন। এবার তার প্রশিক্ষক ছিলেন আবদুস সবুর খান, যিনি সোহেল মাহফুজ ওরফে হাতকাটা সোহেল নামে পরিচিত।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সোহেল মাহফুজের নাম আসে। তিনি নব্য জেএমবির ভারতীয় শাখার আমির ছিলেন বলেও জানা যায়। ভারতের খাগড়াগড় বিস্ফোরণ মামলার আসামি সোহেল মাহফুজকে ধরিয়ে দিতে ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল দেশটির পুলিশ।

২০১৭ সালের মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সোহেল মাহফুজের কাছ থেকে বিভিন্ন ধরনের বোমা ও বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেন মামুন। তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই প্রশিক্ষণে টাইম বোমা, রিমোট বোমা, প্রেসার কুকার বোমা ও সুইসাইড ভেস্ট তৈরির বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।

বিষয়:অ্যান্টি টেররিজম ইউনিট গ্রেপ্তার বোমারু মামুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…