শিল্প সাহিত্য

মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু ‘আন্দ্রে মালরো’ স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী

মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু ‘আন্দ্রে মালরো’ স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন এবং বিশ্ববিবেক জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে মালরোকে স্মরণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

রোববার (২২ নভেম্বর) তার ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকাস্থ ফরাসি দূতাবাসের যৌথ উদ্যোগে স্মরণানুষ্ঠান এবং ‘আন্দ্রে ম্যালরো মেমোরি ওয়াল’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।

অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন, জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও ডা. সারওয়ার আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাদুঘরের ট্রাস্টি ত্রপা মজুমদার।

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে সোচ্চার ছিলেন ম্যালরো। বাংলাদেশের মুক্তিসংগ্রামকে তিনি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই নয়, বরং একটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবে দেখেছিলেন। স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে ফরাসি তরুণদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। নিজেও একটি আন্তর্জাতিক ব্রিগেড গঠন করে যুদ্ধে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন।

বয়সের কারণে সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও বাংলাদেশের পক্ষে তার অবস্থান ছিল দৃঢ়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে খোলা চিঠি লিখে পাকিস্তানি বাহিনীর গণহত্যা এবং বাংলাদেশের মুক্তিসংগ্রামের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন তিনি।

স্বাধীনতার পর ১৯৭৩ সালের ২১ থেকে ২৪ এপ্রিল চার দিনের সফরে বাংলাদেশে আসেন ম্যালরো। এ সময় ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম সফরের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেয়। ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু ‘আন্দ্রে মালরো’ স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনীসেই সফরের একটি ঘটনা বাংলাদেশের প্রতি তার ভালোবাসা ও সংহতির স্মারক হয়ে আছে। হাসপাতালে এক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাকে ফুলের মালা পরিয়ে দিতে চাইলে ম্যালরো নিজের গলা থেকে মালাটি খুলে ওই মুক্তিযোদ্ধার গলায় পরিয়ে দেন। পরে আরেকজন পঙ্গু মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের পক্ষ থেকে তাকে আরেকটি মালা উপহার দেন। এ ঘটনা স্মরণ করে ম্যালরো বলেছিলেন, ফ্রান্স একজন মানুষকে আহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে হাত মেলাতে পাঠিয়েছিল, আর বিনিময়ে তিনি পেয়েছেন ফুলের পর ফুল।

অনুষ্ঠানে ১৯৭৩ সালে ম্যালরোকে মালা পরিয়ে দেওয়া সেই মুক্তিযোদ্ধার পরিচয় জানতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। ৫৩ বছর পর ওই মুক্তিযোদ্ধা কোথায় আছেন এবং কেমন আছেন, তা জানতে আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা।

প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ম্যালরোর অবদান এবং দেশের সঙ্গে তার আত্মিক সংযোগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৯৭৬ সালের ২৩ নভেম্বর মারা যান ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী আন্দ্রে ম্যালরো। তার ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় ফরাসি সপ্তাহের আয়োজন করেছে ফ্রান্স দূতাবাস।

উল্লেখ্য, আন্দ্রে ম্যালরো স্মরণে ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।

বিষয়:আন্দ্রে ম্যালরো ঢাকাস্থ ফরাসি দূতাবাস বিশেষ প্রদর্শনী মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধে অবদান মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…