শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নথিপত্রের ধরন ও পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কক্ষে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু দাপ্তরিক ও গোপনীয় নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে রবিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষ এবং পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা পর্যবেক্ষণ করেন।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মিজানুর রহমান খন্দকার বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহিদ হাসান বলেন, থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহে সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল কাজ করছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডে ঠিক কতটুকু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে যাওয়া নথির মধ্যে কী ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মামলাসংক্রান্ত নথি ও অন্যান্য গোপনীয় দাপ্তরিক রেকর্ডের ক্ষয়ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নথিপত্রের পূর্ণাঙ্গ তালিকা ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। সিআইডির আলামত সংগ্রহ ও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।





