চলচ্চিত্রের উন্নয়নের জন্য একজোট হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংশ্লিষ্ট ১৪টি সংগঠন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এফডিসিতে সংগঠনটির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির গত কমিটির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস এসোসিয়েশনের সভাপতি আরমান, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, সিডাবের সভাপতি এস আই ফারুক, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতির সভাপতি জি ডি পিন্টু, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপনা সমিতির সভাপতি আবদুর রউফ সরকার, চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির সভাপতি মো. আবুল কাশেম, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, চলচ্চিত্র ভাই ভাই অ্যাকশন সঞ্চয়ী গোষ্ঠির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, চলচ্চিত্র উৎপাদন সহকারি ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক মো. বাহাদুর মিয়া এবং চলচ্চিত্র লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. সানি আলম।
মুশফিকুর রহমান গুলজার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সময় অনেক বয়ে গেছে। আমাদের চলচ্চিত্র এখন খুব ভালো অবস্থায় নেই। এ অবস্থায় একত্রে কাজ না করলে চলচ্চিত্রের উন্নতি সম্ভব নয়। তাই চলচ্চিত্রের সব সংগঠনের নেতারা উপস্থিত থেকে একত্রে কাজ করার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছি।’
জায়েদ খান বলেন, ‘বিদেশি ছবির আগ্রাসন রোধ করা, হল মালিক ও বুকিং এজেন্টদের দৌরাত্ন বন্ধ করাসহ চলচ্চিত্র শিল্পে সুষ্ঠু পরিবেশ আনার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতিসহ ১৪টি সংগঠন একত্রে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছে। চলচ্চিত্র বিরোধী যে কোনো কর্মকান্ডের বিরুদ্ধে সংগঠিত থেকে আমরা কাজ করব।’
ছবি: সংগৃহীত









