ঢাকা প্রিমিয়ার লিগে একক আধিপত্য ধরে রেখেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। নিজেদের অষ্টম ম্যাচেও পেয়েছে দাপুটে জয়। মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বৃষ্টি আইনে ২৪ রানে হারিয়েছে দলটি। টানা আট ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান তাদের ৪ পয়েন্টের। সুপার লিগ নিশ্চিত করে শিরোপার পথে হাঁটছে দলটি।
বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসে ম্যাচ। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে শেখ জামাল। জবাবে গাজী গ্রুপ ২০.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান তোলার পর আবার বৃষ্টি শুরু হলে ডাক ওয়ার্থ লুইস মেথডে জয় পায় গাজী গ্রুপ।
জহুরুল ইসলাম অমি ৪৯ ও সোহরাওয়ার্দী শুভ ৫ রানে অপরাজিত থাকেন। মুমিনুল হক খেলেন ৪৫ বলে ৪৬ রানের ইনিংস।
শেখ জামালের দুই স্পিনার সোহাগ গাজী ও তানবীর হায়দার নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে ব্যাটিংয়ে নেমে তানবীর হায়দারের হাফ সেঞ্চুরি (৫৭), ওপেনার ফজলে মাহমুদের ৩৮ ও ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপড়ার ৩৫ রানের সুবাদে মাঝারিমানের পুঁজি গড়ে শেখ জামাল।
আবু হায়দার রনি ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট। পারভেজ রসূল, সোহরাওয়ার্দী শুভ, হোসাইন আলী ও মোহাম্মদ শাহজাদা নেন একটি করে উইকেট।








