মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে বাংলাদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে গণমাধ্যমে চরম অসম্মানজনক আচরণ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। গণমাধ্যমে, সবার সামনেই তিনি বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে দিনের পর দিন অপমান করে যাচ্ছেন। এত স্পর্ধা কিভাবে পান তিনি?
আমারতো মনে হয়, তামিম নয়; বরং বাংলা ভাষীরাই তার প্রধান লক্ষ্যবস্তু। আরো স্পষ্ট করে বলা যায়, বাংলা আর বাংলাদেশটাই তার অস্বস্তির প্রধান কারণ? সেকারণেই হয়তো নানান ছলে নিজের মনের ভাব প্রকাশ করেন রমিজ রাজা। বিশেষ করে ভাষার মাস আসলেই মনে হয় রাজাসহ প্রায় সব পাকিস্তানির গা জ্বলতে থাকে। হয়তো সেকারণেই বাংলার বা বাঙ্গালীর যেকোনো সাফল্যে তারা ঈর্ষান্বিত বোধ করে।
আমার প্রশ্ন আয়োজকদের প্রতিও। এমন অসদাচরণের জন্য কখনও কি তারা রমিজ রাজাকে শাস্তি দিয়েছেন? কঠোর কোনো পদক্ষেপ কখনও নিয়েছেন আয়োজকরা? সাবেক এ ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার কেনো কেবল বাংলাদেশী ক্রিকেটারদের বেলায় এমন ‘ভুল’ করেন? অন্য কোনো দেশ বা অন্য কোনো ক্রিকেটারের বেলায় তার কেনো এমন ‘সিলি মিসটেকগুলো’ হয় না?
উপস্থাপনায় যথেষ্ট পটু বলেই কি বাংলা ও বাঙ্গালীকে হেয় করার গুরু দায়িত্ব পেয়েছেন রমিজ? বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের ক্ষেত্রেও তিনি ইচ্ছে করেই একই আচরণ করেছেন বলে মনে হয়। কারণ পুরস্কার বিতরণী মঞ্চে এমন ভুল অনেক সময় বড় হয়ে দেখা দেয়। ম্যাচ সেরা কে, তাতো নির্ধারণ হয়েই থাকে। এক্ষেত্রে ভুল করার সম্ভাবনা থাকে না বললেই চলে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশীদের উন্নতি খুব একটা ভালো চোখে দেখেন না তিনি। তার জের কি কিছুটা হলেও পড়ছে না?
এর একটা বিহিত মনে হয় আমাদেরকেই করতে হবে। বাংলা আমাদের মাতৃভাষা। আর এই মাতৃভাষার অধিকার আমরা এই রমিজের মতো পাকিস্তানীদের কাছ থেকে ছিনিয়ে এনেছি। হারিয়েছি, রফিক, সালাম, বরকতের মতো বীর সেনানীদের। লাখো শহীদের রক্ত, বহু মা-বোনের ত্যাগের বিনিময়ে, বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা বাঙ্গালী উড়িয়েছে বীরদর্পে। পাকিস্তানী হায়েনাদের ছোবল থেকে ছিনিয়ে এনেছি।
রমিজ রাজা মনে হয় ভুলে বসে আছেন, খালি হাতে লড়াই করা বীর বাঙ্গালীর বীরত্বের কথা। হোক সে ভাষার জন্য লড়াই, কিংবা স্বাধীনতার জন্য লড়াইয়ের কথা। ভুলে বসে আছেন, অনেক সয়ে, অনেক ক্ষয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাংলাদেশীদের কথা। ভাষার মাসে রমিজের এই কটুক্তি তাই কাঁটার মতো বিঁধে। আমি খেলা বুঝি না, কিন্তু অপমান বুঝি।
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)






