দিনের প্রথম ওভারে মুমিনুল হক শর্ট লেগে ছিলেন। দ্বিতীয় ওভারে খানিকটা সরে গেলেন। পরের ওভারে আর সামনে দেখাই গেল না। কোহলির ‘বিরাট তলোয়ারে’র সামনে আর কীইবা করতে পারতেন! সকাল সকালই স্কোরটাকে ৪১৪-তে টেনে নিয়েছেন বিরাট-রাহানে।
শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪১৪ রান। বিরাট কোহলি দেড়শ ছাড়িয়ে গেছেন। সঙ্গী রাহানে আছেন ৬৩ রানে।
প্রথম দিনে বাংলাদেশের বোলাররা প্রথম ১৫ ওভার পর্যন্ত ছন্দেই ছিলেন। ওই সময় পর্যন্ত ঠিক জায়গায় বল পড়ছিল। বেশ কয়েকটি ডেলিভারি পূজারা-বিজয়ের ব্যাটের কানা ছুঁয়ে যায়। একটি রান-আউটের সুযোগ হাতছাড়া হয়। দুটি ক্যাচের সম্ভাবনা জাগে। বড় ম্যাচে এই সব সুযোগ কাজে লাগাতে না পারলে ফলাফল ভয়াবহ হয়। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল ঠিক সেটাই হয়েছে। তাতে বড় সংগ্রহের ভিত পেয়েছে ভারত।








