পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বল হাতে ৬ উইকেট নিলেও সাকিব আল হাসানের ব্যাটে এসেছিল কেবল ৩৮ রান। ভারতের সঙ্গে ব্যাটে বড় রানের প্রত্যাশা ছিল ৩৭ বর্ষী অলরাউন্ডারের। কিন্তু বোলিং-ব্যাটিং কোথাও সেরাটা দিতে পারেননি, বিতর্ক জেগেছে তার আঙুলের চোট নিয়েও।
ব্যাটে প্রথম ইনিংসে ৩২ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৫ করেন সাকিব। দুই ইনিংসে ২১ ওভার বল করে ৬.১৯ ইকোনমিতে ১২৯ রান দিয়ে পাননি উইকেটের দেখা। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে আর দেখা যায়নি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভুগতে থাকা সাকিবকে দেখা যায় আঙুলে টেপ প্যাঁচাতে। প্রশ্ন উঠেছে আবারও চোটে পড়েছেন কিনা। সে প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, ‘আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচাইছেন। ব্যাটিংয়ে গ্লাভসে একটা বল লাগছিল, আপনারা যদি খেয়াল করে দেখেন। সেখানে ব্লিডিং হয়েছিল। যার কারণে টেপটা প্যাঁচানো হয়েছে।’
‘আর আমি কখনো পার্সোনালি কোনো ইন্ডিভিজ্যুয়াল খেলোয়াড়ের পারফরম্যান্স নিয়ে খুব একটা কথা বলতে স্বাছন্দ্য বোধ করি না। কারণ ক্রিকেট একটা দলীয় খেলা, এবং পুরো টিমের কম্বিনেশনে একটা ম্যাচ জেতা সম্ভব। সুতারাং, সবকিছু মিলিয়ে যদি বলেন, সবাই মিলে যদি আমরা আরেকটু কন্ট্রিবিউট করতাম, তাহলে ভালো কিছু হতো। এমনিতে আমি খুব একটা চিন্তিত না।’







