খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

সংগৃহীত
খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটল।
রোববার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালচিত্রে কালো রং ছিটানোর বিষয়টি নজরে আসে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্য গ্রাফিতিগুলো অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।
মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। সেখানে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এর আগে গত ৬ নভেম্বর একই প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করা হয়েছিল। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। এর ১৬ দিনের মাথায় আবারও একই ঘটনা ঘটল।






