কদিন আগেই শাকিব খান ও বুবলী অভিনীত ঢাকাই ছবির প্রথম গান হিসেবে ইউটিউবে কোটিবার দেখার রেকর্ড গড়েছে। তার একসপ্তাহ না যেতেই এবার বাংলা ছবির দ্বিতীয় গান হিসেবে কোটির ঘরে পা রাখল ‘অগ্নি ২’ ছবির একটি গান। গানের শিরোনাম ‘ম্যাজিক মামনি’। আজ রোববার সকালে জনপ্রিয় অভিনয়শিল্পী মাহিয়া মাহির অভিনীত এ গানটি ইউটিউবে কোটি দর্শক দেখার রেকর্ড গড়েছে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে মুক্তি পাওয়া এই ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন মাহি। একই বছর জুনে গানটি ইউটিউবে প্রকাশিত হয়। এটি গেয়েছেন নেহা কাক্কার, কথা রিদ্ধি। সংগীত পরিচালক ছিলেন স্যাভি।
কোটিবারের বেশি দর্শক দেখাতে রীতিমত উচ্ছসিত মাহি। তিনি বলেন, ‘আমার খুব ভালো লাগছে। আমার লিপে গানটি এত দর্শক দেখেছে, বিশ্বাসই হচ্ছে না। এতে এটাই প্রমাণ হয়, বাংলা ছবি ও গানের দর্শক এখনো আছে। আশা করছি, এভাবেই দর্শকরা পাশে থাকবেন।’
এর আগে শাকিব ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির গান ‘দিল দিল দিল’ ইউটিউবে কোটি দর্শক দেখার রেকর্ড গড়ে।
‘অগ্নি ২’ ছবির ‘ম্যাজিক মামনি’ গান :
https://www.youtube.com/watch?v=izZU6bI96e8
ছবি : সংগৃহীত







