শ্যামল ভৌমিক: কুড়িগ্রামের ৩টি উপজেলার ২১টি ইউনিয়নে শেষ মুহূর্তে জমে উঠেছে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের প্রচার কার্যক্রম। নির্বাচনে জয় পেতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।
ভোটারদের মাঝেও চলছে উৎসবের আমেজ। সুষ্ঠু ভোট আয়েজনে সব ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১৩টি, রাজারহাট উপজেলায় ৭টি ও নাগেশ্বরী উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৪ জন, সদস্য পদে ৯০১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বিএনপি দলীয় প্রতীকে কেউ অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির অনেকে নির্বাচন করছেন। রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থীও।
নিজ নিজ এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা। ভোটারদের দ্বারে দ্বারে ছুটে উন্নয়নের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সবার।
এই নির্বাচনে ৩ উপজেলার ২১টি ইউনিয়নে ২শ’১৯টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৪ লাখ ৬০ হাজার ভোটার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা নির্বাচনী কর্মকর্তা।








