বিনোদন

কাশ্মির চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের দুই ছবি

২৮ নভেম্বর থেকে সাত দিনব্যাপী শুরু হয়েছে কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল-২০১৮

কাশ্মির চলচ্চিত্র উৎসবে লড়বে বাংলাদেশের দুই ছবি

২৮ নভেম্বর কাশ্মিরে শুরু হয়েছে চতুর্থ কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভাল। সাত দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ৪ ডিসেম্বর। আর এই চলচ্চিত্র উৎসবেই প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের আলোচিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হালদা’ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়: দ্য ফিয়ার অব সাইলেন্স’।

২৮ নভেম্বর জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় কাশ্মির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বলিউড অভিনেত্রী টাবু। এদিন উদ্বোধনী সিনেমা ছিলো ‘ইন্দু সরকার’। মধুর ভান্ডরকারের পরিচালনায় ছবিটি ‘নন কমপিটিটিভ’ বিভাগে প্রদর্শনী হয়।

দেশে-বিদেশের অসংখ্য পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪৩টি চলচ্চিত্র সাত দিনব্যাপীর এই উৎসবে দেখানোর জন্য নির্বাচন করে জুরি বোর্ড। আর এইখানেই প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের একটি পূর্ণ্যদৈর্ঘ্য ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

তৌকীর আহমেদের পরিচালনায় গেল বছরের ১ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পেয়েছিলো ‘হালদা’। মুক্তির পর ছবিটি দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে। প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। প্রেক্ষাগৃহে দাপট দেখানো ছাড়াও এই ছবিটি দেখানো হয় বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। সর্বশেষ ছবিটি ইতালির ‘২১তম রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল’-এ পুরস্কৃতও হয়েছে। উৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘গ্র্যান্ড পিক্স’ জিতে নেয় হালদা।

কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ছবিটি উৎসবের ৫ম দিন, অর্থ্যাৎ ২ ডিসেম্বর প্রদর্শন হবে। উৎসবে উপস্থিত থাকতে পারেন নির্মাতা তৌকীর।

এদিকে পূর্ণদৈর্ঘ্যের মত কাশ্মির ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভয়-দ্য ফিয়ার অব সাইলেন্স’। জুয়েইরিযাহ মউ পরিচালিত চলচ্চিত্রটি এরআগে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সর্বশেষ ৭ম দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট শর্টফিল্ম’ জিতে নেয় ছবিটি। কাশ্মির ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ‘ভয়’ দেখানো হবে ৩ ডিসেম্বর।

উৎসবের শেষ দিনে দেখানো হবে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত ছবি ‘লায়লা মাজনু’। ছবিটি পরিচালনা করেছেন সাজিদ আলী।

বিষয়:তৌকীর আহমেদ হালদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…