দেশের জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। অভিনয়ের পাশাপাশি ইদানিং তাকে র্যাম্প শো-এর স্টপার হিসেবেও দেখা যাচ্ছে। পাওয়া যাচ্ছে বোল্ড লুকে! সেইসব ছবি-ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পর হচ্ছে ভাইরাল!
রুনা বলছেন, তিনি যেহেতু পারফর্মার, তাই সব মাধ্যমে পারফর্ম করে যেতে চান। হোক সেটি অভিনয় কিংবা মডেলিং। এও বললেন, ‘সুযোগ পেলে আমার যাত্রাতেও অভিনয় করতে আপত্তি নেই।’
চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে রুনা খান বলেন, ক্যারিয়ার শুরু করেছিলাম অভিনেত্রী এবং মডেল হিসেবে। যতদিন সুস্থভাবে বেঁচে থাকবো পেশা হিসেবে অভিনয় এবং মডেলিং করে যাবো। মঞ্চ, টেলিভিশন, টিভিসি, ওভিসি, ওটিটি এবং সিনেমা সব মাধ্যমে কাজ করছি। শুধু যাত্রাতে কাজ করা হয়নি। এই কাজের প্রস্তাবও আমার কাছে আসেনি। আবার বলছি, যতদিন বেঁচে থাকবো এবং যেসব কাজের ব্যাপারে আগ্রহবোধ করবো, সবসময়ের মতো ভালোবেসে কাজগুলো করে যাবো।
সম্প্রতি তৌফিক এলাহী পরিচালিত ‘নীলপদ্ম’ ছবিতে যৌনকর্মীর চরিত্রে দেখা গেছে রুনাকে। তিনি যোগ করে বললেন, যতটা ভালোবাসা দিয়ে নীলপদ্ম সিনেমায় নীলা চরিত্রে যুক্ত হয়েছি, ততোটা ভালোবাসা দিয়ে তানহা শেখের শো স্টপার হয়েছি আরকা ফ্যাশন উইকে।
সত্যিই যাত্রাতে অভিনয় করবেন? উত্তরে রুনা বলেন, হ্যাঁ করবো। আমি অভিনয় করতে চাই। একটা গল্প বলি। ১৬ বছর আগে আমার প্রিয় একজন নির্মাতা নোমান রবিনের ‘ওয়ান ফোর থ্রি’ নামে একটি নাটকে অভিনয় করেছিলাম। শুটিং হয়েছিল রংপুরে। আমার চরিত্র ছিল যাত্রাদলের নায়িকা। কাজটি ভীষণরকম উপভোগ করেছিলাম। সুযোগ এলে সত্যিকারের যাত্রায় অভিনয় করতে চাই।
এদিকে, আলোকিতে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। এর শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র্যাম্পে দ্যুতি ছড়ান রুনা। ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। সেই কাজের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন। বিষয়টি নিয়ে আলাপ করেন রুনা।
তিনি বলেন, আমি মনে করি একজন আর্টিস্ট কোনো কাজ করবেন মানে সবার ভালো লাগবে এমনটা নয়। কোনোটা ভালো লাগবে কোনোটা লাগবে না। যাদের ভালো লেগেছে তারা প্রশংসা করেছে, যাদের ভালো লাগেনি তারা তাদের ভালো না লাগার কথা জানিয়ে সমালোচনা করেছেন। আলোচনা সমালোচনা দুটোকেই আমি সাধুবাদ জানাই। আমার কাছে কাজের প্রস্তাব এলে আমি আগ্রহী হয়ে গেলে সেই কাজগুলো আমি করবো।







