আন্তর্জাতিক

কারাবন্দী সৌদি ব্লগার জিতলেন ‘পেন পিন্টার’ পুরস্কার

কারাবন্দী সৌদি ব্লগার জিতলেন ‘পেন পিন্টার’ পুরস্কার

দীর্ঘকাল বাকস্বাধীনতা নিয়ে প্রচারণা করার স্বীকৃতি এবার পেলেন সৌদি ব্লগার রেইফ বাদাউয়ি। ইসলাম ধর্ম অবমাননার দায়ে জেলে আটক সৌদি ব্লগারকে এবছর সম্মানজনক ‘পেন পিন্টার’ পুরস্কার দিয়েছে যুক্তরাজ্য।

ইসলাম ধর্ম অবমাননার দায়ে সৌদি আরবের আইনমতে ১০ বছরের কারাদণ্ড এবং ১০০০ দোররার শাস্তি দেওয়া হয়েছে বাদাউয়িকে। এবারের পুরস্কারটি ব্রিটিশ কবি ও সাংবাদিক জেমস ফেন্টনের সঙ্গে একত্রে পেয়েছেন রেইফ।  

রেইফের হয়ে পুরস্কারটি গ্রহণ করে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিম্মি ওয়ালেস বলেন,  ব্রিটিশ সরকারের আরো নীতিগত নেতৃত্ব দেখানো উচিত এবং তার মুক্তির চেষ্টা করা উচিত। 

রেইফকে একটি ওয়েবসাইট বানানোর জন্য পুরস্কৃত করা হয়েছে যেটা কিনা সৌদি আরবে ভালো আলোচনাকে উৎসাহিত করে। তিনি কেন জেলের ভেতরে থাকবেন এবং মার খাবেন? এমন প্রশ্নও রাখেন ওয়ালেস।  

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় রেইফের স্ত্রী ইনসাফ হায়দার বলেন, রেইফ শান্তিপ্রিয় একজন মানুষ। সে তেমন দলের মানুষ নয় যারা বাস্তবতাকে সরিয়ে রেখে ধর্ম দিয়ে পরিচালিত হয়। এবং স্বৈরাচারী আইন দিয়ে শাসন করার চেষ্টা করে। 

সৌদি আরবে ইসলামিক আইন খুবই দৃঢ়, এমনকি সেখানে রাজনৈতিক মতবিরোধও গ্রাহ্য নয়।

ইসলাম অবমাননার দায়ে ২০১২ সালে আটক হন বাদাউয়ি। সেসময় তাকে ১৭৫,০০০ পাউন্ড জরিমানা করা হয়। এ বছরের জানুয়ারিতে ৫০ দোররা মারা হয় বাদাউয়িকে। এরপর বিদেশী রাষ্ট্রগুলোর বারবার আহবান সত্ত্বেও জুন মাসে আবারো সুপ্রীম কোর্ট তাদের রায় বহাল রাখে।

২০০৯ সালে নাট্যকার ও নোবেলবিজয়ী কবি হ্যারল্ড পিন্টারের নামে এই অ্যাওয়ার্ডটির প্রবর্তন করা হয়।

বিষয়:সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…