কক্সবাজার বিমানবন্দরের লিফটের ভেতরে আটকা পড়া ঢাকাগামী ৪ যাত্রীকে একঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে দমকল বাহিনী।
শনিবার সকাল সোয়া নয়টায় বিমানবন্দরের ব্যাংকের পাশের লিফট দিয়ে নিচে নামার সময় ওই যাত্রীরা আটকা পড়ে। পরে সকাল ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়।
যাত্রীরা হলেন- বিপ্লব কুমার মহজন, টুম্পা রানী বিশ্বাস, আন্তরিক মহাজন ও ঈমানা মহজন। এরা সবাই ইউএস-বাংলা উড়োজাহাজের যাত্রী ছিলেন।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে বিমানবন্দরের লিফটের ভেতর ইউএস-বাংলা বিমানের ৪ জন যাত্রী আটকে পড়ে।
বিষয়টি বিমানবন্দরের কর্মচারীরা সিকিউরিটি অফিসারকে জানান। সেখান থেকে দমকল বাহিনীর সাথে যোগাযোগ করা হয়।পরে ফায়ার সার্ভিসের ৬ জন কর্মী লিফটের দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শাহাদাত হোসাইন বলেন, লিফটে আটকে পড়া ওই ৪ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা ইউএস-বাংলার ফ্লাইটে ঢাকায় গেছে।








