কক্সবাজারে শতাধিক আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ আটক ২

ছবি:সংগৃহীত
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে শতাধিক বোমা বা আইইডি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, দেশে বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র-গুলি সংগ্রহ করে চোরাই পথে টেকনাফে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে সড়কে তল্লাশিচৌকি স্থাপন করে কক্সবাজার রামু সেক্টরের আওতাধীন টেকনাফ ২ বিজিবি।
এ সময় সন্দেহভাজন দুটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে শতাধিক আইইডি, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়। অভিযানে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে ব্যবহৃত দুটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার মো. ইব্রাহিম ও নতুন পল্লানপাড়া এলাকার মেহেদী হাসান। তারা দুজনই অটোরিকশাচালক।
কক্সবাজার রামু বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






