কক্সবাজার

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৭ জন উদ্ধার, মানব পাচার সন্দেহে আটক ৪

কক্সবাজারে মালয়েশিয়াগামী ৭ জন উদ্ধার, মানব পাচার সন্দেহে আটক ৪

প্রতিনিধির পাঠানো ছবি

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে কক্সবাজারের পেকুয়ায় সাতজনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মানব পাচারে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাইক্রোবাসের চালক ও সহকারীও রয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে নবগঠিত পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের দক্ষিণ শুকলাল পাড়ার মাহমুদ আলীর ছেলে আমির হোসেন (৩০), মাইক্রোবাসচালক সোহেল আকবর (৩৫), সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)।

উদ্ধার করা ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নুর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তাদের সবার বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, গোয়েন্দা তথ্য ও উদ্ধার ব্যক্তিদের কাছ থেকে পুলিশ জানতে পারে, বাঁশখালীর ছনুয়া থেকে কয়েকজনকে সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে টেকনাফে নেওয়া হচ্ছিল।

এ তথ্যের ভিত্তিতে পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় যানবাহনে তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে বাঁশখালীর দিক থেকে আসা সন্দেহজনক মাইক্রোবাসটি থামানো হয়। পরে চালক ও যাত্রীদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা স্বীকার করেন।

পরিদর্শক ইমরুল হাসান আরও জানান, মানব পাচারে জড়িত সন্দেহে চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার ব্যক্তিদের স্বজনদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয়:কক্সবাজার কক্সবাজার থেকে মানব পাচার মানব পাচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…