ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফী!

ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন মাশরাফী!

স্ত্রীর অসুস্থতায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। সেই শঙ্কা অনেকটাই কেটেছে। সব ঠিক থাকলে সোমবার দিবাগত রাতে উইন্ডিজগামী বিমানে চাপবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

ওয়ানডে দলে থাকা বাকি ছয় ক্রিকেটার যাচ্ছেন দুই ভাগে। কারণ একই ফ্লাইটে টিকিট মেলেনি। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওয়েস্ট ইন্ডিজে রওনা হচ্ছেন সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি ও নাজমুল ইসলাম অপু।

পরের ধাপে শুক্রবার দিবাগত রাতে রওনা হবেন মোস্তাফিজুর রহমান ও এনামুল হক বিজয়। বিসিবির লজিস্টিক বিভাগ জানাচ্ছে এমন তথ্যই।

মাশরাফী যাচ্ছেন একটু দেরিতে। হাসপাতালে ভর্তি স্ত্রী সুমনা হক সুমির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার শঙ্কা কেটেছে তাকে নিয়ে। রোববার আবারও সুমনার স্বাস্থ্য পরীক্ষা করে দেখবেন চিকিৎসক। সব ঠিকঠাক থাকলে সোমবার রাতেই বিমানে চড়বেন মাশরাফী। সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতে টেস্ট থাকায় মিরপুরে একাই অনুশীলন করেছেন মাশরাফী। প্রস্তুতিতে কিছুটা ঘাটতি বোধ করায় বৃহস্পতিবার জ্যামাইকায় ৫০ ওভারের অনুশীলন ম্যাচটি হাতছাড়া করতে চাইছেন না এ পেসার।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ জুলাই। প্রথম দুটি ম্যাচ গায়ানায়। ২৮ জুলাই তৃতীয়টি সেন্ট কিটসে।

বিষয়:মাশরাফী বিন মোর্ত্তজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…