ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপে অভিষেক ম্যাচ জয় দিয়েই স্মরনীয় করে রেখেছে ওয়েলস। ‘বি’ গ্রুপে তারা ২-১ গোলে হারিয়েছে আরেক অভিষিক্ত দল স্লোভাকিয়াকে। ওয়েলস হাসিমুখে মাঠ ছাড়লেও, রাশিয়ার সাথে ১-১ ড্র করে শুরুতেই হোঁচট খেয়েছে অন্যতম ফেভারিট ইংল্যান্ড।
রাশিয়ার সঙ্গে ইউরো’র ম্যাচ শুরু’র আগে ইংলিশ সমর্থকরা ফরাসী নগরী মার্শেই জুড়ে তান্ডব চালালেও, স্টেডিয়ামে ইংলিশ ফুটবলারদের পারফরম্যান্স মুগ্ধ হাজারো দর্শক। তারুণ্য নির্ভর ইংলিশ দলটি পুরো প্রথমার্ধেই রাশিয়ার উপর চড়াও হয়েছে। হ্যারি কেইন, স্ট্যার্লিং’র দের গোল করার প্রচেষ্টা রুখতে ঘাম ছুঁটেছে রুশ ডিফেন্সের।
দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক মেজাজে ইংল্যান্ড। ৭১ মিনিটে অধিনায়ক রুনির শট কোনমতো প্রতিহত হয়।
পরের মিনিটেই ইংল্যান্ডর লিড। ডি-বক্সের বাইরে থেকে নেয়া এরিক ডায়ারের চোখ জুড়ানো ফ্রি কিকে ইংলিশ শিবিরে স্বস্তি।

তবে সেই স্বস্তি উধাও হয়েছে শেষ মিনিটে। ইংলিশ ডিফেন্সে চড়াও হওয়া রাশানরা গোল পায় শেরিকভে’র সৌজন্যে। তাতেই হার বাঁচিয়ে ইংল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ে অর্জন মূল্যবান এক পয়েন্ট।
বর্দো’তে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ হারিয়ে অভিষেকে শুভসূচনা গ্যারেথ বেলে’র ওয়েলসের। ১০ মিনিটে স্লোভাকিয়ার ডি-বক্সের ৩০ গজ বাইরে থেকে চোখজুড়ানো বাঁ পায়ের ফ্রি কিকে গোল করে ওয়েলস’কে এগিয়ে দেন রিয়াল তারকা গ্যারেথ বেল।
৬১ মিনিটে আন্দ্রে ডুডার গোলে সমতায় ফিরেছিলো স্লোভাকিয়া। তবে ৮০ মিনিটে বদলী খেলোয়াড় রবসন কানু’র গোলে ২-১’র জয় পায় ইংল্যান্ডের নিকটতম প্রতিবেশী ওয়েলস।
১৬ জুন ‘বি’ গ্রুপের ‘ব্রিটিশ-ডার্বি’তে’ ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে ওয়েলস’র ।









