কিশোরগঞ্জের নিকলীতে নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাতিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন বিএনপি নেতা রমিজ মেম্বার ও হিরু মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ছাতিরচর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের হামলায় কাছুম আলীর মৃত্যু হয়।
তবে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় কাছুম আলী অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তিনি এখনও নিশ্চিত নন। তবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার হওয়া উচিত।









