ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সামনে সড়কের পাশের ঝোপ থেকে রক্তাক্ত অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালকের নাম মো. রাজিব। তিনি একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ছাতিয়ানকান্দা এলাকার মো. এবাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, রাজিব প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। কিন্তু রাত একটার দিকে চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের সামনের সাড়কের পাশের ঝোপে রক্তাক্ত অবস্থায় রাজিবের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, চালককে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারী চক্র অটোরিকশা নিয়ে পালিয়েছে বলে ধারণা করছি। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।









