ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপে অভিষেক ম্যাচকে জয় দিয়েই স্মরণীয় করে রাখলো ওয়েলস। ‘বি’ গ্রুপের ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে ইউরো-ফুটবলের চুড়ান্ত রাউন্ডে আরেক অভিষিক্ত দল স্লোভাকিয়াকে।
বর্দো’তে দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দু’দলই লড়েছে সমানতালে। ১০ মিনিটে স্লোভাকিয়ার ডি-বক্সের ৩০ গজ বাইরে থেকে চোখজুড়ানো বাঁপায়ের ফ্রিকিকে গোল করে ওয়েলস’কে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল।
পিছিয়ে পড়লেও হতোদ্যম হয়নি স্লোভাক ফুটবলাররা। ৬১ মিনিটে আন্দ্রে ডুডার গোলে সমতায় ফেরে তারা।

এরপর আক্রমণ ও পাল্টা আক্রমনের ধারা বজায় থাকে। ৮০ মিনিটে অ্যারোন র্যামসি’র পাসে ওয়েলসের পক্ষে জয়সূচক গোল করেন বদলী খেলোয়াড় রবসন কানু। তাতেই ওয়েলসের ইউরো-মিশনের শুভসূচনা।
এর আগে দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ২০০৪’র চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড ১-০ গোলে হারিয়েছে আলবেনিয়াকে।







