যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পাশাপাশি অন্য কোনো দেশ থেকে ভিসার আবেদন করলে প্রক্রিয়া আরও জটিল হতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, আবেদনকারীদের জন্য নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সময় নেওয়াই সবচেয়ে উপযুক্ত। অন্য দেশের মার্কিন মিশনে আবেদন করলে আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত জটিলতা দেখা দিতে পারে এবং ভিসা অনুমোদনের সম্ভাবনাও হ্রাস পেতে পারে। এছাড়া এ ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করেছে দূতাবাস।
এর আগে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হয়েছে।
নতুন বিধান অনুযায়ী, ডিএস-১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের ইউজারনেম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক। দূতাবাসের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত তথ্য গোপন করা বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিতে পড়তে পারেন।









