মুশফিকুর রহিমের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না বাঁহাতি ব্যাটার। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শারজায় খেলতে নেমেছে টিম টাইগার্স।
বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুঁচকির চোটে টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজেও যাওয়া হচ্ছে না শান্তর।
চলতি তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা, ফাইনালে রূপ নিয়েছে শেষের লড়াই। প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয়টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাংলাদেশকে সিরিজে ফেরান শান্ত।
মন্থর উইকেটে ১১৯ বলে ৭৬ রান করে হন ম্যান অব দ্য ম্যাচ। সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।
প্রথম ওয়ানডেতে চোট পাওয়া মুশফিকুর রহিমকে সিরিজে আর পায়নি বাংলাদেশ। আঙুলের চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিয়েছে অভিজ্ঞ ব্যাটারকে।







