সিরিজের আগে ব্যাটিং কোচ বদল, যা বলছেন শান্ত
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

সম্প্রতি ব্যাটিংয়ে ব্যর্থতা দেখছে বাংলাদেশ, ব্যাটিং কোচের দায়িত্বও হারিয়েছেন মোহাম্মদ আশরাফুল। এরমধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নামছে টিম টাইগার্স। প্রথম টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বলেছেন কোচ ছাঁটাই নিয়ে। হঠাৎ সিরিজের আগে ব্যাটিং কোচে রদবদল প্রশ্নে ভাবনা তুলে ধরেছেন তিনি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বুধবার সকাল ১০টায় মিরপুরের শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট।
ব্যাটিং কোচ নিয়ে শান্ত বলেছেন, ‘অবশ্যই প্রত্যেক কোচের সাথে কাজ করতে উপভোগ করেছি এবং আশরাফুল ভাই এক বছরের মতো ছিল। যতটুকু সময় কাজ করেছেন, ভালো কাজ করেছেন। অভিজ্ঞ ছিলেন, অনেককিছু জানতে সাহায্য করেছেন।’
‘ব্যাটিং কোচে যিনি এসেছেন, তিনি ড্রেসিংরুমেই ছিলেন কিছুদিন আগে, তাই এখানে খুব বেশি একটা প্রভাব পড়বে না। তার সাথে অতীতে অনেক কাজ করেছি। আমি বলব না যে, কোচের সাথে মানিয়ে নেয়ার যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কোনধরনের সমস্যা হবে। বলব, যিনি কাজ করছেন, সালাউদ্দিন স্যার, উনি ভালো কাজ করছেন, অতীতেও করেছেন।’
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। ভরাডুবির পর দায়িত্ব হারান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। পরে মোহাম্মদ সালাউদ্দিনকে আপাতত ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।





